নিজস্ব প্রতিবেদক | Info Bangla
দেশে নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের তথ্যে। শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১,১০০ জন নারী ঢামেক হাসপাতালে এসেছেন। শনিবার (৬ জুন) রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান এ তথ্য জানান।
উক্ত গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি এবং এর প্রতিকার নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠকে অংশ নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন শিশুদের নৈতিক শিক্ষা পরিবার থেকেই শুরু করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অন্যদিকে, ডেপুটি স্পিকার কায়সার কামাল শিশু সুরক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি ‘জাতীয় শিশু সুরক্ষা টাস্কফোর্স’ গঠনের জোর আহ্বান জানান।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় এই বৈঠকে আরও অংশ নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও বিশিষ্ট আইনজীবী রাশনা ইমামসহ প্রমুখ ব্যক্তিবর্গ। বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রতি তাগিদ দেন।

