নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জামায়াতের সমর্থক বলে এলাকায় পরিচিত।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী (৪৭) কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে ভুক্তভোগী নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর তিনি ফোন করে শীতের কম্বল দেওয়ার কথা বলে ওই নারীকে তার বাড়িতে ডেকে নেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে অভিযুক্তের বাড়িতে গেলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নারী অভিযোগে বলেন, ঘটনার পর কাউছার বিষয়টি কাউকে জানালে তাকে ও তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি এতদিন বিষয়টি গোপন রাখেন। এখন তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. কাউছার বলেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক। আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করায় একটি কুচক্রী মহল ওই নারীকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।
এ বিষয়ে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, কাউছার দলের সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার বিচার দাবি করা হবে। অন্যথায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

