অধ্যাদেশের দাবিতে আজ ফের মাঠে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা, কর্মসূচিতে ভোগান্তিতে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট | ইনফোবাংলা

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) চূড়ান্ত অধ্যাদেশ জারির একদফা দাবিতে আজ সোমবার থেকে আবারও মাঠে নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। চূড়ান্ত আলটিমেটামের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সায়েন্স ল্যাব মোড় থেকে একটি ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চের কার্যক্রমও শুরু হবে।

শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির কারণে আজ সোমবার সকাল থেকেই নগরজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একাধিক স্থানে জমায়েত, মঞ্চ স্থাপন ও পদচারণার ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিশেষ করে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, ধানমন্ডি, নিউমার্কেট ও আশপাশের এলাকায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে দেখা গেছে। অনেককে বিকল্প পথে ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

গণপরিবহন সংকটের কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাসে উঠতে না পেরে অনেককে দীর্ঘ সময় হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

ভোগান্তির শিকার এক অফিসগামী ব্যক্তি বলেন, “প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি। আমাদের কাজ আছে, দায়িত্ব আছে—কিন্তু সেটার কোনো মূল্য নেই।”

এক নারী যাত্রী জানান, “বাচ্চাকে স্কুলে নামিয়ে অফিসে যেতে দেরি হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।”

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, একাধিক স্থানে জমায়েত ও চলমান কর্মসূচির কারণে স্বাভাবিক যান চলাচল বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনভর কর্মসূচি চলতে থাকলে বিকেল ও সন্ধ্যায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নগরবাসী দ্রুত পরিস্থিতির সমাধান ও স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *