জাতীয় সংসদে উত্তপ্ত পরিবেশের মধ্যেই কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে কঠোর ভাষায় সতর্ক করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যার অধিবেশনে তার এই মন্তব্যে মুহূর্তেই দৃষ্টি যায় পুরো সংসদ কক্ষের দিকে।
অধিবেশন চলাকালে আচরণে অসহিষ্ণুতা দেখানোর অভিযোগ তুলে স্পিকার সরাসরি বলেন,
“এত অসহিষ্ণু হলে চলবে না, মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।”
তিনি আরও স্পষ্ট করে দেন, সংসদ কোনো আন্দোলনের মঞ্চ নয়—এখানে নিয়ম, শৃঙ্খলা এবং ধৈর্যের মাধ্যমেই কথা বলতে হয়।
“এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে। মৌখিক বক্তব্যের সুযোগ খুবই সীমিত—নোটিশ দিতে হবে,” যোগ করেন স্পিকার।
স্পিকার শুধু সমালোচনা করেই থেমে থাকেননি। তিনি গঠনমূলক পথও দেখিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্য বিবেচনায় নিয়ে প্রয়োজনে আলোচনার মাধ্যমে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনার পরামর্শ দেন তিনি।
“সরকারি দল সেটি নিশ্চয়ই বিবেচনা করবে,”—আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।
সংসদের পরিবেশ শান্ত ও কার্যকর রাখার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, “এত বড় জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি।”
তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদে একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে—যা দেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক। তবে সেই শক্তিকে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে।

