নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কড়াকড়ি নিয়ম এবং সময়সীমা নিয়ে ক্ষোভ জানিয়ে রাজপথে নেমেছে পঞ্চগড়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ ৮ এপ্রিল, বুধবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ‘এসএসসি ২০২৬-২৭ ব্যাচ’-এর ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে বর্তমান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করা হয়।
জুলাই গণ অভ্যুত্থান, কারিকুলাম পরিবর্তন এবং পাঠ্যপুস্তক হাতে পেতে দেরি হওয়ার কারণে তারা প্রস্তুতির দিক থেকে পিছিয়ে আছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে পরীক্ষার সময় এগিয়ে আনা এবং কেন্দ্রে ‘অতিরিক্ত’ কড়াকড়ি আরোপকে তারা মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখছেন।
• অপ্রয়োজনীয় আইন প্রত্যাহার: পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে এমন নিয়ম বাতিল করা।
• পরীক্ষা পিছিয়ে দেওয়া: প্রস্তুতির ঘাটতি পূরণে পরীক্ষার সময়সূচী পুনঃনির্ধারণ করা।
• আসন বিন্যাস ও নজরদারি: ‘এক বেঞ্চে একজন’ এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির সিদ্ধান্ত শিথিল করা।
দুপুর ১২টার দিকে জেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের এক পাশে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষামন্ত্রীর অনিয়ম মানি না, মানব না’ এবং ‘ডাইরেক্ট অ্যাকশন’ সহ নানা প্রতিবাদী স্লোগান দিতে থাকে।
বিক্ষোভে অংশ নেওয়া নাম অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “চার ফুটের বেঞ্চে একজন বসিয়ে আর মাথায় সিসি ক্যামেরা ঝুলিয়ে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমরা শুধু চাই শান্তিতে পরীক্ষা দিতে এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেতে। দাবি না মানলে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যরিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউটের ছাত্র আনাস হৃদয়, শিক্ষার্থী ময়না, ইতি আক্তার, পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের মাহমুদুল হাসান এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনায়েদ আল হাবীবসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অতিদ্রুত এই ‘কঠোর’ নিয়মগুলো শিথিল করা না হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে পরীক্ষা না পিছিয়ে দেওয়া হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

