নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শহীদ মিনার এলাকায় টাঙানো ‘আওয়ামী লীগ নো এন্ট্রি’ সংবলিত একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন সেখানে উপস্থিত উত্তেজিত জনতা।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২১শে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনার সংলগ্ন এলাকায় কিছু উস্কানিমূলক ব্যানার টাঙানো ছিল। এর মধ্যে একটি ব্যানারে বড় অক্ষরে লেখা ছিল ‘আওয়ামী লীগ নো এন্ট্রি’। শহীদ মিনারের মতো একটি জাতীয় ও পবিত্র স্থানে এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক বার্তা দেখে উপস্থিত সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সেখানে থাকা জনতা একত্রিত হয়ে ব্যানারটি টেনে নামিয়ে ফেলেন এবং ছিঁড়ে ফেলেন।ব্যানার ছেঁড়ার ঘটনায় অংশ নেওয়া সাধারণ মানুষের দাবি, শহীদ মিনার কোনো রাজনৈতিক দলের একার নয় এবং এটি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির জায়গা হওয়া উচিত নয়। আজকের এই শোক ও গর্বের দিনে এ ধরনের বিভাজনমূলক কর্মকাণ্ড তারা মেনে নেবেন না।ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সুষ্ঠুভাবে শ্রদ্ধা নিবেদন কার্যক্রম চলছে।

