নিজস্ব প্রতিবেদক | Info Bangla
কুষ্টিয়ায় জেলা পুলিশের এক বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানামূলে বিভিন্ন থানা এলাকা থেকে ৩৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এই অভিযান ঘিরে পুলিশের বিরুদ্ধে আইনজীবীকে অহেতুক আটক ও চালান দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ কুষ্টিয়া সদর, কুমারখালী, মিরপুর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), ভেড়ামারা ও দৌলতপুর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত মোট ৩৩ জন আসামিকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে কুষ্টিয়া জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেছে।
অন্যদিকে, এই অভিযানের স্বচ্ছতা ও পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কুষ্টিয়া জজ কোর্টের সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক স্পেশাল পিপি এবং খোকসা উপজেলার জয়েন্তিহাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আকরাম হোসেন দুলাল অভিযোগ করে বলেন, কোনো প্রকার মামলা বা গ্রেফতারি পরোয়ানা না থাকা সত্ত্বেও কুষ্টিয়া সদর থানা পুলিশ তাকে নিজ আদালত কার্যালয় থেকে তুলে নিয়ে গিয়ে আদালতে চালান করে দিয়েছে। কার্যালয়ে স্বাভাবিক দাপ্তরিক কাজ করার সময় এভাবে কোনো পরোয়ানা ছাড়া একজন আইনজীবীকে তুলে নেওয়ার ঘটনায় স্থানীয় আইনজীবী সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
