নিজস্ব প্রতিবেদক | Info Bangla

ঢাকার ধামরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে ধরতে বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার মোহাম্মদ কলিম উদ্দিন (৬০) পেশায় একজন কৃষক। তার ছেলে ইঞ্জিনিয়ার রিফাত আহমেদ যুবলীগের কর্মী বলে জানা গেছে।

কলিম উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, রাতে ১০-১২ জন পুলিশ বাড়িতে এসে কড়া নাড়ে। পুলিশ পরিচয় দেওয়ার পর কলিম উদ্দিন দরজা খুলে দিলে তারা প্রথমে তার ছেলে রিফাতের খোঁজ করে। রিফাত বাড়িতে নেই এবং রাজনীতির কারণে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই জানানোর পর পুলিশ কলিম উদ্দিনকে বাইরে নিয়ে যায় এবং পরবর্তীতে থানায় নিয়ে গ্রেপ্তার দেখায়। কলিম উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম ও মেয়ে হ্যাপী আক্তার জানান, রিফাত রাজনীতি করলেও কলিম উদ্দিন কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তার নামে আগে কোনো মামলাও ছিল না। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রিফাত বাড়িতে আসেন না বলেও পরিবারটি জানায়। ভাইকে না পেয়ে বাবাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে যুবলীগকর্মী রিফাত আহমেদ জানান, তিনি যুবলীগের কোনো পদে না থাকলেও সক্রিয় কর্মী হিসেবে মিছিলে নেতৃত্ব দিয়েছেন। তাকে না পেয়ে পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করে হয়রানি করছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, রিফাত আহমেদ নিষিদ্ধ যুবলীগের নেতা এবং তার নেতৃত্বে কিছুদিন আগে মিছিল হয়েছে। কাউলিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে পুরো পরিবারই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। পূর্বে কোনো মামলা না থাকা সত্ত্বেও কেবল আওয়ামী লীগের সমর্থক হওয়ার তথ্যের ভিত্তিতেই কলিম উদ্দিনকে একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version