নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। নিজের সততা, আত্মসম্মান ও স্বচ্ছতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে তিনি এই সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেন।
গত বছর জুলাই মাসে তার বিরুদ্ধে একটি মনগড়া ও ভিত্তিহীন আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। বার্ষিক প্রায় দেড় লাখ ডলার মূল বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মাত্র ৯০১ ডলারের একটি অমূলক অভিযোগ এবং তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে শুরু থেকেই এই অপপ্রচারের বিরুদ্ধে অত্যন্ত দৃঢ় অবস্থান নেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি নিজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি পাঠিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সাধারণত দুর্নীতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত করে ব্যবস্থা নেয়, কিন্তু এই ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো প্রমাণ দিতে পারেনি এবং বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো আনুষ্ঠানিক তদন্ত করতেও ব্যর্থ হয়। দীর্ঘ এক বছর ধরে তদন্তের মুখোমুখি হওয়ার সুযোগ না পেয়ে অবশেষে নিজেই সংস্থার ওপর অনাস্থা প্রকাশ করে পদ ছাড়ার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, মিথ্যা অভিযোগের বিষয়ে তদন্ত না হওয়া এবং স্বচ্ছতা নিশ্চিত না করা তার আত্মসম্মান ও নীতির পরিপন্থী।
সায়মা ওয়াজেদ পুতুলের এই দৃঢ়তা, আপসহীন মনোভাব এবং বিশ্বমঞ্চে অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে এক নতুন ও ইতিবাচক গতির সঞ্চার করতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে সফল নেতৃত্ব দেওয়ার এই বিশাল অভিজ্ঞতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার বিরল নজির দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
