চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্থানীয় এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের পর মদের সঠিক পরিমাণ, জব্দ তালিকা এবং অভিযুক্তকে আটকের বিষয়ে পুলিশ প্রশাসনের নীরবতা ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য নিয়ে নানা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

আটক নিয়ে বিভ্রান্তি

​গতকাল ৯ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় বন্দর থানার কেবি দোভাষ লেন এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরের বাসায় এ অভিযান চালানো হয়। শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীরের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের একটি অঘোষিত সূত্রের দাবি, ওই বাসা থেকে অন্তত ২০০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

​তবে মূল অভিযুক্ত শাকিল সাগর গ্রেপ্তার হয়েছেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিভ্রান্তি। একাধিক স্থানীয় সূত্রের দাবি, অভিযানের সময় সাগর ঘরেই উপস্থিত ছিলেন এবং পুলিশ তাঁকে নিয়ে গেছে। অন্যদিকে অভিযানকারী দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, সাগরকে আটক করা সম্ভব হয়নি।

মুখ খুলছে না ডিবি

​ঘটনার বিস্তারিত ও আনুষ্ঠানিক বক্তব্য জানতে নগরের মনসুরাবাদস্থ গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তথ্য এড়ানোর প্রবণতা দেখা যায়। ডিউটি অফিসার ও ডিবির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলামের কার্যালয় থেকে তথ্যের জন্য একে অপরকে দেখিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধারকৃত পণ্যের সঠিক হিসাব ও আটকের বিষয়ে এখনো জানাতে পারবে না।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version