নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে যুব ও মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটসহ বিভিন্ন অনির্ভুল দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়। দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এই বিশেষ টিমটি বর্তমানে অভিযোগগুলো তদন্ত করছে।
আসিফ মাহমুদ ছাড়াও এই অনুসন্ধানের আওতাভুক্ত অপর তিন কর্মকর্তা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- বেআইনি কাজ হাসিল করতে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থপাচার।
- অবৈধ উপায়ে বিটকয়েন ও ক্রিপ্টোকারেন্সি লেনদেন।
- সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ।
- সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন অবৈধ সুবিধা আদায়।
- চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মাধ্যমে নিয়োগ ও বদলি বাণিজ্য।
দুদকের গঠিত এই বিশেষ টিমটি বর্তমানে প্রাপ্ত অভিযোগগুলোর নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা গভীরভাবে যাচাই-বাছাই করছে। অনুসন্ধান প্রক্রিয়া শেষে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
