নিজস্ব প্রতিনিধি :
‘হিন্দুস্তান টাইমসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা দূর করতে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংকট চলতে দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, সঠিক সময়ে তাঁর প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট তারিখ, সময় এবং প্রবেশপথ দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
আওয়ামী লীগ সরকারের আমলের অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে তিনি জানান, তাঁর সময়ে বাংলাদেশের অর্থনীতি প্রায় ৭০ বিলিয়ন ডলার থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৪৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল। পাশাপাশি মাথাপিছু আয় ৪৮২ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২৭৮৪ ডলারে পৌঁছায় এবং জিডিপির প্রবৃদ্ধি ছিল শতকরা ৬.৮০ ভাগ। বর্তমান সময়ে এই ধারাবাহিক অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, জিডিপির প্রবৃদ্ধি কমে বর্তমানে ২.২২ ভাগে নেমেছে এবং ৫৪ বছরের মধ্যে প্রথমবারের মতো শিল্পখাত ঋণাত্মক প্রবৃদ্ধির মুখোমুখি হয়েছে। এছাড়া দ্রুত দারিদ্র্য বৃদ্ধি, বিনিয়োগ হ্রাস, নতুন করে দুই কোটি মানুষের বেকারত্ব এবং বিদ্যুৎ-গ্যাস সংকট দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। এটি কেবল কোনো একক দলের সংকট নয়, বরং এটি একটি সামগ্রিক জাতীয় সংকট। উন্নয়ন থমকে যাওয়া, আইনশৃঙ্খলার অবনতি এবং উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান পুরো অঞ্চলকে উদ্বেগের মধ্যে ফেলছে।
দেশকে পুনরায় উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।
