ঢাকা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় বিএনপি নেতার বাসভবনে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রানা (৩৫) ও তার সহযোগী তালিকাভুক্ত মাদক কারবারি তাপসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ৩১ আগস্ট, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আসামিদের হেফাজত থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ডেমরার সুলতানা কামাল সেতুর ঢাল থেকে প্রথমে একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ও কুখ্যাত মাদক কারবারি তাপসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাপসের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাবো এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরাবো এলাকার একটি বাড়ি থেকে ১টি শটগান ও ৮ রাউন্ড কার্তুজ এবং তাপসের ভাড়া বাসার সানশেড থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
ঘটনার পটভূমি থেকে জানা যায়, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ভবনের দ্বিতীয় তলার জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় রেজা চৌধুরী সেলিম বাদী হয়ে ডেমরা থানায় মামলা দায়ের করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের শনাক্ত করে এই সফল অভিযান চালানো হয়েছে। ডিএমপির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন এবং ওই গুলিবর্ষণে এসব অস্ত্রের ব্যবহার হয়েছিল কি না, তা তদন্ত করা হচ্ছে।
