স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের ওসি (তদন্ত) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
দলটির কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও স্থানীয় নেতা শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর অনুসারীদের একটি পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের করার কথা ছিল। নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করলে শেখ আব্দুল্লাহর অনুসারীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আঘাত পেয়ে আহত হন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দেওয়ার সময় ওসি চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

