অনলাইন ডেস্ক:


​গত দুই বছর ধরে কারারুদ্ধ সাবেক মন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া নিজের জামিন আবেদনটি প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন। সাবেক এই মন্ত্রী কাঠগড়ায় দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে বলেন, এখন আর তাঁর বাসায় যাওয়ার কোনো তাড়া বা প্রয়োজন নেই।


​বৃহস্পতিবার ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরুর আগে কথা বলার বিশেষ অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না, আবেদন প্রত্যাহার করতে চাই। এর আগে জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন—বাসায় গিয়ে কী করবেন? এখন আমার সত্যি আর বাসায় যাওয়ার দরকার নেই।’


​নিজের প্রয়াত অসুস্থ স্বামীর কষ্টের স্মৃতি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমার স্বামী তৌফিক নেওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তাঁর বাকশক্তি ছিল না, কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন। আমি পাঁচ বছর সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। অথচ এই পরিস্থিতিতে বাড়ি ছেড়ে আমার স্বামীকে দুই বছর অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকতে হয়েছে। আমিও তাঁর দেখভাল করতে পারিনি, এ জীবন তিনি মেনে নিতে পারেননি।’


​৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ দিনগুলোতে পাশে থাকতে না পারার আফসোস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তখন তাঁর কাছে যাওয়ার জন্যই জামিন আবেদন করেছিলাম। কিন্তু তাঁর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়, কিন্তু আমার বাসায় যাওয়ার আর কোনো তাড়া নেই।’

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version