নিজস্ব প্রতিবেদক | Info Bangla
স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষকৃত্যে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে ফের কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনি। ১২ ঘণ্টার সাময়িক প্যারোল মেয়াদ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৮ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারের ফটকে পৌঁছায়। দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, প্রয়াত স্বামীর জানাজা ও দাফনে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কড়া পুলিশ বেষ্টনীতে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন এই সাবেক মন্ত্রী। বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজা শেষে সেখান থেকে তাঁকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং স্বামীর দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান তিনি। দাফন কাজ শেষ করে বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা দেয় তাঁকে বহনকারী গাড়িবহর।
পারিবারিক সূত্রে জানা যায়, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ মায়ের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন। মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই দাফন কার্যক্রম সম্পন্ন করে কারা কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়।
