খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর লবণচরা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় খুব অল্প সময়ের ব্যবধানে এ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

​নিহতরা হলেন—আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে ও পেশায় স্যানিটারি মিস্ত্রি মনজুরুল ইসলাম (১৮) এবং একই এলাকার মনির শেখের ছেলে নাজমুল ইসলাম (১৮)।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাওয়ার পথে মনজুরুলকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল এলোপাতাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুটি গুলি মনজুরুলের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​মনজুরুলকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় দুর্বৃত্তরা নাজমুল নামের অপর এক তরুণকে লক্ষ্য করে গুলি চলায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই স্থানে পরপর দুটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো লবণচরা এলাকায় তীব্র আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়েছে।

​লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এতে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। জড়িত অপরাধীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে এলাকায় অভিযান চালানো হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version