বিশেষ প্রতিনিধি | ইনফো বাংলা
চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে এক হৃদয়বিদারক ঘটনায় পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্ণব চন্দ (২২) এবং ট্রিপল ই (EEE) বিভাগের শান্ত দেব (২৩)। তারা দুজনই সিলেট জেলার অধিবাসী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়, দুপুরে ফুটবল খেলা শেষে কাদা-মাটি পরিষ্কার করতে চুয়েটের হলের পুকুরে গোসল করতে নামেন তারা। সাঁতার কেটে পুকুরের মাঝখানের দিকে যাওয়ার একপর্যায়ে দুজনই হঠাৎ তলিয়ে যান। সহপাঠীদের বিষয়টি চোখে পড়লে তারা অবিলম্বে উদ্ধারের চেষ্টা চালান। ২০ মিনিটের মাথায় অর্ণবকে পানি থেকে তুলে আনা সম্ভব হলেও শান্তকে খুঁজে পেতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। উদ্ধার করা মাত্রই তাদের দ্রুত চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।
হঠাৎ করে দুই উদীয়মান তরুণের এই আকস্মিক ও হৃদয়বিদারক প্রয়াণে পুরো চুয়েট ক্যাম্পাস ও তাদের সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

