নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। তবে এবার ফলাফলে একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে; দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে কেবল মাদ্রাসা শিক্ষা বোর্ডেরই ২২৬টি প্রতিষ্ঠান রয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সারা দেশে মোট জিপিএ–৫ অর্জন করেছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
বোর্ডভিত্তিক পাসের চিত্র ফলাফলে পাসের হারের দিক থেকে বরাবরের মতো এবারও শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম ৫৫.৪৯ শতাংশ পাসের হার নিয়ে টেবিলের সর্বনিম্ন অবস্থানে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
অন্যান্য বোর্ডের পাসের হারের মধ্যে রয়েছে— রাজশাহীতে ৬৩.৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫.৪২ শতাংশ, যশোরে ৬৬.২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯.৪৮ শতাংশ, বরিশালে ৬০.৩৫ শতাংশ, সিলেটে ৫৮.৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮.০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭.৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮.২০ শতাংশ।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের তালিকা এ বছর শূন্য পাসের লজ্জা পাওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান।
যেভাবে জানা যাবে ফলাফল শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কমন ওয়েবসাইট (eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ (EIIN) দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে।
মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল পাওয়ার ব্যবস্থা রয়েছে। যেকোনো মোবাইল থেকে ১৬১৪০ নম্বরে মেসেজ পাঠিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে। এসএমএস ফরম্যাট: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026)
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল সংগ্রহ করার কোনো সুযোগ নেই।
পুনর্নিরীক্ষার আবেদন প্রকাশিত ফলাফলে যেসব শিক্ষার্থী অসন্তুষ্ট বা সংক্ষুব্ধ হয়েছেন, তারা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষার (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।
