নিজস্ব প্রতিবেদক: দেশের কারাগারগুলো এখন এক চরম মানবিক বিপর্যয় ও ভয়াবহ সংকটের মুখোমুখি। ৪৫ হাজার বন্দির ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে প্রায় সাড়ে ৯৩ হাজার বন্দি গাদাগাদি করে বসবাস করছে। অর্থাৎ, অনুমোদিত ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দির অসহনীয় চাপে ভেঙে পড়েছে দেশের কারাগারগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, চিকিৎসা ও স্যানিটেশন ব্যবস্থা।

কারা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশের ৭৫টি কারাগারে মোট ধারণক্ষমতা রয়েছে ৪৫ হাজার ২৮৬ জন (পুরুষ: ৪৩,২৫৭ জন এবং নারী: ২,০২৯ জন)। অথচ চলতি বছরের জুলাই পর্যন্ত কারাগারে বন্দি রয়েছে ৯৩ হাজার ৪৪০ জন (পুরুষ: ৮৯,৯২৯ জন এবং নারী: ৩,৫১১ জন)। এর মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদি মাত্র ৩০ হাজার ৩৮৫ জন। বাকি বিশাল একটি অংশই বিচারহীনতার দীর্ঘসূত্রতায় আটকে থাকা বিচারাধীন হাজতি বন্দি। এমনকি ফাঁসির দণ্ড মাথায় নিয়ে প্রহর গুনছেন ২ হাজার ৫১৮ জন বন্দি।

দেশের প্রধান প্রধান কেন্দ্রীয় কারাগারগুলোতে বন্দির এই চাপ সব সীমানা ছাড়িয়ে গেছে। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪,৫৯০ জনের ধারণক্ষমতার বিপরীতে বন্দি রয়েছে ১২ হাজার ৫৮ জন। একইভাবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, ২ এবং হাইসিকিউরিটি কারাগারেও ধারণক্ষমতার প্রায় তিন থেকে চারগুণ বেশি বন্দি মানবেতর জীবনযাপন করছে। এছাড়া কারাগারগুলোতে বর্তমানে মাদক মামলার আসামির সংখ্যাই প্রায় ১৮ হাজার।

বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা বলছেন, ধারণক্ষমতার অতিরিক্ত এই বন্দি চাপের কারণে কারাগারগুলো এখন এক একটি মানবেতর কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত হয়েছে। তিল ধারণের জায়গা না থাকায় বন্দিরা গাদাগাদি করে ঘুমাতে বাধ্য হচ্ছেন। এর ফলে কারাগারগুলোতে পেটের পীড়া, চর্মরোগ (চুলকানি) এবং চোখের নানা সংক্রামক রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি সীমিত বাজেট ও অপ্রতুল জনবলের কারণে মানসম্মত খাবার ও জরুরি চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন বন্দিরা।

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক মনে করেন, অপরাধপ্রবণতা বৃদ্ধি এবং রাজনৈতিক মামলার দীর্ঘসূত্রতার কারণেই মূলত এই কৃত্রিম বন্দি সংকট তৈরি হয়েছে।

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, “ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি রাখার অর্থ হলো তাদের বেঁচে থাকার ন্যূনতম মানবিক অধিকারটুকু কেড়ে নেওয়া।”

সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী জানান, কারাগারে কয়েদির চেয়ে হাজতির সংখ্যা বেড়ে গেলে সেখানকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই এই সংকট থেকে উত্তরণে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং বিকল্প উপায়ে ছোটখাটো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version