নিজস্ব প্রতিবেদক | Info Bangla
চা দোকানের আড্ডায় বসে চলছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মহোৎসব—এমনই এক আশঙ্কাজনক ঘটনার সাক্ষী হলো সিলেট। চা দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণ এক বস্তা উত্তরপত্র জব্দ করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকান থেকে এ খাতাগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন।
অভিযুক্ত শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান, যিনি সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ১০টার দিকে ইকবাল তার বন্ধুদের সঙ্গে চা দোকানে বসে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করছিলেন। শুধু তা-ই নয়, চালের বস্তায় রাখা ওই উত্তরপত্রগুলো তার সঙ্গে থাকা অন্য দুজন ব্যক্তিকেও দেখতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও জালালাবাদ থানার পুলিশ সদস্যরা। উত্তরপত্রগুলো জব্দের পর সংশ্লিষ্ট শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে বোর্ডের কর্মকর্তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রভাষক ইকবাল হোসেন জানান, দোকানে বসে কোনো খাতা মূল্যায়ন করা হয়নি। খাতাগুলো আগেই দেখা শেষ হয়েছিল এবং কুরিয়ার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চা দোকানে বসে কেবল গুছিয়ে নেওয়া হচ্ছিল।
ঘটনাসূত্রে পুরো বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বক্তব্য জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বলেন, তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন এবং পরে এ নিয়ে বিস্তারিত জানাবেন। পাবলিক পরীক্ষার মতো সংবেদনশীল বিষয়ের আমানত রক্ষা নিয়ে এমন কাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
