নিজস্ব প্রতিবেদক | Info Bangla
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে ওই সংসদ সদস্যকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সিসিটিভি ফুটেজের সময় উল্লেখ অনুযায়ী ঘটনাটি ২০২৩ সালের ১০ জুলাইয়ের।
ভিডিওটি ছড়ানোর পরপরই সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট-চেকিং) প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করে জানিয়েছে, ফুটেজটিতে এআই প্রযুক্তি বা ডিজিটাল ম্যানিপুলেশনের কোনো আলামত নেই এবং এটি একটি বাস্তব ভিডিও।
এদিকে, ওই একই কক্ষের আরও কিছু ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসার পর জামায়াতের পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা মাওলানা আজিজুর রহমান জানান, এমপি গাজী নজরুল ইসলাম তাদের নিশ্চিত করেছেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই বেশ কিছুদিন আগে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও তরুণীর বায়োডাটা অনুযায়ী, বর্তমানে তার বয়স ১৮ বছর ২ মাস এবং ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করা ওই তরুণী নিজের বায়োডাটায় নিজেকে অবিবাহিত হিসেবে উল্লেখ করেছিলেন। বায়োডাটায় সংশ্লিষ্ট সংসদ সদস্যের ‘জোর সুপারিশও’ ছিল। তবে ভিডিওটি কীভাবে এবং কার মাধ্যমে প্রকাশ পেল, তা খতিয়ে দেখছে জামায়াত। এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য পেতে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
