নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে এক জরুরি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দলের তৃণমূল পর্যায়কে শক্তিশালী করার উদ্দেশ্যে সংগঠনের অধীনস্থ গুরুত্বপূর্ণ ৪টি থানা এবং ২৪টি ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বিশেষ সাংগঠনিক সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর উত্তরের অন্তর্ভুক্ত মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর ও কাফরুল—এই ৪টি গুরুত্বপূর্ণ থানার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
একই সাথে সাংগঠনিক কার্যক্রমের পরিধি বাড়াতে এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে বিভিন্ন থানার অন্তর্গত মোট ২৪টি ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। ওয়ার্ডগুলো হলো— ০৪, ০৯, ১১, ১৪, ১৫, ১৬, ১৯, ২০, ২৪, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৭, ৪৩, ৫০, ৯৪, ৯৫, ৯৬ ও ১০০ নম্বর ওয়ার্ড।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ জানান, দলকে মাঠপর্যায়ে আরও আধুনিক, সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতেই এই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হয়েছে। নতুন এই আহ্বায়ক কমিটিগুলোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের চেইন অব কমান্ড আরও মজবুত হবে এবং আগামী দিনের যেকোনো কর্মসূচি সফল করতে কর্মীরা নতুন উদ্যোমে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নতুন কমিটি ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করতে দ্রুত পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে কাজ শুরু করবেন বলে জানা গেছে।
