নিজস্ব প্রতিবেদক | Info Bangla
রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের ভেতর চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতে ইসলামীর দলীয় সভা করার ঘটনা ঘটেছে। ওই সভা থেকে আসন্ন একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
মসজিদের মতো পবিত্র স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার এই ঘটনায় স্থানীয় সাধারণ মুসল্লি ও নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এই দলীয় সভাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল।
জানা গেছে, গত ২৩ জুন মাগরিবের নামাজ শেষ হওয়ার পরপরই উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদের ভেতরে চেয়ার ও টেবিল বসিয়ে দলীয় সভার আয়োজন করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
সভায় উপস্থিত হয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুল ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোহর বাদশা নামে এক ব্যক্তিকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাজনৈতিক এই দলীয় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলাম, নায়েবে আমির আব্দুল বাছেত হারুন, সহকারী সেক্রেটারি গোলাম আজম, ইমাদপুর ইউনিয়নের আমির মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এদিকে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে রাজনৈতিক সভা করার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা দেশজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। পবিত্র মসজিদের আদব ও মর্যাদা লঙ্ঘন করার অভিযোগ তুলে অনেকেই ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন। আল নাহিয়ান অভি নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘মসজিদকে পার্টি অফিস বানিয়ে ফেলছে মোনাফেকগুলা।
আতিকুর রহমান লেবু নামে আরেকজন লিখেছেন, ‘মসজিদ আল্লাহর ঘর, এখানে কীসের ভন্ডামি, এরা ইসলামের নামে ভন্ডামি শুরু করে দিয়েছে।’ পবিত্র উপাসনালয়কে দলীয় স্বার্থে ব্যবহার করার এমন ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ গোটা মিঠাপুকুর এলাকায় সাধারণ মানুষের মাঝে এখনো তীব্র সমালোচনা ও অসন্তোষ বিরাজ করছে।

