নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৩ জুন ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা ও সংক্ষিপ্ত মিছিলের চেষ্টা করেছেন দলটির নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে শতাধিক স্থানে দলটির কর্মী-সমর্থকেরা ব্যানার ও পতাকা হাতে রাস্তায় নামার চেষ্টা করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং বিশেষ সতর্কতার কারণে কোথাও তারা দীর্ঘ সময় অবস্থান বা বড় ধরনের সমাবেশ করতে পারেননি।
দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে মাঠপর্যায়ে প্রকাশ্য কর্মকাণ্ডে বড় ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতা-কর্মীরা সশরীরে ও ডিজিটাল মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করেন। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোর থেকে সকালের মধ্যে ব্যানারসহ ঝটিকা মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে দলের পক্ষে স্লোগান ও পোস্টার প্রদর্শন করা হয়। বিশেষ করে ঐতিহ্যগতভাবে দলটির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোতে নেতা-কর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য গেছে।
এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও দেশের গুরুত্বপূর্ণ জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং নাশকতা এড়াতে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন ছিল।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বোচ্চ তৎপর ছিলেন। আজ দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের চেষ্টা করার সময় এবং নাশকতার আশঙ্কায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মীকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা রুখে দিতে মাঠপর্যায়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে। তীব্র কড়াকড়ির মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থানে হওয়া সংক্ষিপ্ত মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছেন দলটির অনুসারীরা।
