নিজস্ব প্রতিবেদক | Info Bangla

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের এক গ্রাহকের হিসাবে জমা থাকা ৫ লাখ টাকা খুঁজে না পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপক শাখা ত্যাগের চেষ্টা করলে ক্ষুব্ধ গ্রাহকেরা তাকে আটকে রাখেন। রোববার (১৪ জুন) জগন্নাথপুর ইসলামী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিরাই উপজেলার জগদল গ্রামের বাসিন্দা ছতর মিয়ার ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার হিসাবে ৫ লাখ টাকা জমা ছিল। কয়েকদিন ধরে তিনি ওই টাকা উত্তোলনের চেষ্টা করলেও বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছিল না। পরে তিনি জগন্নাথপুরের একটি ব্যাংকে নতুন হিসাব খুলে চেকের মাধ্যমে অর্থ স্থানান্তরের উদ্যোগ নেন।

রোববার ইসলামী ব্যাংক শাখায় গিয়ে হিসাবের বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, তার হিসাবে কোনো টাকা নেই এবং অর্থ অন্য একটি ব্যাংকের হিসাবে স্থানান্তর হয়ে গেছে। এ কথা শুনে ছতর মিয়া সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিলে সেখানে এমন কোনো অর্থ জমা হয়নি বলে জানানো হয়।

পরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ইসলামী ব্যাংক শাখায় এসে প্রতিবাদ জানান এবং কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি জানাজানি হলে ব্যাংকে উপস্থিত অন্যান্য গ্রাহকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

ভুক্তভোগী ছতর মিয়া ও তার স্ত্রী রুজিনা বেগম অভিযোগ করেন, তাদের একমাত্র ছেলে বর্তমানে লিবিয়ায় দালালচক্রের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। তাকে উদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংক কর্তৃপক্ষ টাকা দিতে গড়িমসি করছে।

তারা বলেন, “একেক সময় একেক কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে টাকা অন্য ব্যাংকে গেছে, আবার সেখানে গেলে জানানো হচ্ছে কোনো টাকা আসেনি। আমরা আমাদের জমা রাখা টাকারই খোঁজ পাচ্ছি না।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাংকের অন্যান্য গ্রাহকেরাও সেবা ও অর্থ উত্তোলন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা সফিক মিয়া বলেন, “আমি নিজেও টাকা তুলতে এসে পাইনি। অনেক দিন ধরেই গ্রাহকদের ভোগান্তির অভিযোগ শোনা যাচ্ছে।”

তবে ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মো. জহির উদ্দিন বলেন, “গ্রাহকের টাকার বিষয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। সিস্টেমজনিত জটিলতার কারণে এমন সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version