বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
অব্যাহতি পাওয়া ওই নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। এদিকে তাকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী উত্তেজিত হয়ে আলী আজম সাব্বিরকে জুতাপেটা করছেন।
অনুসন্ধানে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। সেখানে প্রশিক্ষণ নিতে আসা বেশ কয়েকজন নারীকে তিনি মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলতেন এবং কুরুচিপূর্ণ মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করতেন। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে গত ২৪ মে দুপুরের দিকে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। ঘটনার সময় আলী আজম সাব্বির নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিংবিষয়ক প্রশিক্ষক রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী আজম সাব্বির বেশ কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ করেছেন। যার জেরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতাপেটা করেন। পরবর্তীতে সাব্বির নিজের দোষ স্বীকার করে একটি লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর অ্যাকাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
