নিজস্ব প্রতিবেদক | Info Bangla
রাঙামাটির নানিয়ারচরে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর শম্ভু বিকাশ চাকমা (৪৮) নামের এক কৃষকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুড়িঘাট এলাকার রউফ টিলা–সংলগ্ন চেঙ্গী নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শম্ভু বিকাশ চাকমা নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোজরপাড়া এলাকার মৃত জামিনি মোহন চাকমার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার দিকে মুখোশ পরা তিন থেকে চারজন ব্যক্তি শম্ভু বিকাশ চাকমাকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বিকেলে চেঙ্গী নদীতে হাত বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নানিয়ারচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রূপক চাকমা জানান, সোমবার রাতে মুখোশধারীরা শম্ভুকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে থানা থেকে ফোন করে তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার হাত দুটি পেছনের দিকে বাঁধা অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
