নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা | নোয়াখালী

নোয়াখালীর চাটখিলে তাসপিয়া আক্তার রাশেদা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীর এমন রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ তাসপিয়া উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের রাশেদুল ইসলাম ওরফে ইমনের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে ব্যবহারিক পরীক্ষা দিতে যায় রাশেদা। পরীক্ষা শেষে দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে এবং আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতে রাশেদার মা লাইলী বেগম বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ তার কোনো হদিস মেলাতে পারেনি।

ফলে সময় বাড়ার সাথে সাথে পরিবারের সদস্যদের মাঝে উৎকণ্ঠা ও আশঙ্কা আরও বাড়ছে। আদরের মেয়ের দ্রুত সন্ধান ও তাকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন কান্নায় ভেঙে পড়া স্বজনরা।

Leave A Reply

Exit mobile version