নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলেও প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া মরদেহের বিচ্ছিন্ন মাথাটি বাসার বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত শিশুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক রিকশা মিস্ত্রির মেয়ে। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় থাকত। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে প্রতিবেশী সোহেল রানা নামের এক যুবককে খুঁজছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার সময় বাসায় অন্য কেউ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের বাসার বাসিন্দা সোহেল রানা শিশুটিকে হত্যা করে পালিয়ে যান।

​পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি শিশুর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে।

​পুলিশ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল রানা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave A Reply

Exit mobile version