নিজস্ব প্রতিবেদক


খুলনার কয়রায় নিজ ঘরে ঢুকে ভবতাষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও। রোববার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ভবতাষ মৃধা ওই গ্রামের যশোর মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজারের একজন প্রতিষ্ঠিত ঔষধ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে একদল চোর সিঁদ কেটে ভবতাষ মৃধার ঘরে প্রবেশ করে। টের পেয়ে ভবতাষ মৃধা চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। তাঁর চিৎকারে স্ত্রী এগিয়ে এলে চোরেরা তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ভবতাষকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


এদিকে, ঘরের ভেতরে ঢুকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মহেশ্বরীপুর গ্রাম ও গিলাবাড়ি বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী ভবতাষ মৃধা হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।


Leave A Reply

Exit mobile version