নিজস্ব প্রতিবেদন

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে সেখানে নতুন করে গ্রাফিতি আঁকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং তিনজনকে ক্ষণিকের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।স্থানীয় সূত্রে জানা যায়, টাইগারপাস এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের অভিযোগ ঘিরে রোববার রাত থেকেই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সোমবার সকাল থেকেই টাইগারপাস ও লালখান বাজারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে কয়েকজন এনসিপিকর্মী টাইগারপাস মোড় এলাকায় নতুন করে গ্রাফিতি আঁকতে যান। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তিতে রূপ নিলে পুলিশ তিনজনকে হেফাজতে নেয়। তবে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Leave A Reply

Exit mobile version