নিজস্ব প্রতিবেদক | ঢাকা তারিখ: ১৭ মে, ২০২৬

​কক্সবাজারের উখিয়ায় “জয় বাংলা” স্লোগানসংবলিত গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে নির্যাতন এবং তাকে বাঁচাতে গিয়ে মা সৈয়দা খাতুন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি এই হত্যাকাণ্ডকে “সরকার মদদপুষ্ট” এবং “মানবসত্তার বিরুদ্ধে যুদ্ধ” হিসেবে আখ্যায়িত করেছে। আজ রোববার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, উখিয়ায় “জয় বাংলা” গ্রাফিতি অঙ্কনের অজুহাতে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানকে স্থানীয় বিএনপির সশস্ত্র কর্মীরা আটক করে পাশবিক নির্যাতন চালায়। খবর পেয়ে সন্তানকে বাঁচাতে ছুটে গেলে তাঁর মা সৈয়দা খাতুনকে নির্মমভাবে প্রহার করা হয়, যার ফলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। কেন্দ্রীয় ছাত্রলীগ এই ঘটনাকে সুসংগঠিত রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করে দাবি জানিয়েছে যে, সৈয়দা খাতুন হত্যাকাণ্ডে জড়িত প্রতিটি সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে ছাত্রলীগ কর্মী আব্দুর রহমানের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধেও দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

​নেতৃবৃন্দ বলেন, আজ রাজনৈতিক পরিচয় অপরাধে পরিণত হয়েছে এবং ‘জয় বাংলা’ স্লোগান প্রতিহিংসার নিশানায় পরিণত হয়েছে। রাষ্ট্রের অব্যাহত নীরবতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা এই সন্ত্রাসকে আরও প্রশ্রয় দিচ্ছে। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর সংঘটিত সকল সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ত ঝরিয়ে বা পরিবার ধ্বংস করে মুক্তিযুদ্ধের চেতনা ও “জয় বাংলা”র কণ্ঠস্বরকে স্তব্ধ করা যাবে না। বাংলাদেশ ছাত্রলীগ নিহত সৈয়দা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জ্ঞাপন করেছে।

Leave A Reply

যোগাযোগ
ইমেইল: contact@infobangla.news
ওয়েবসাইট: InfoBangla.news

© ২০২৬ InfoBangla.news — সর্বস্বত্ব সংরক্ষিত।
InfoBangla.news এ প্রকাশিত সংবাদ, ছবি, ভিডিও বা যেকোনো কনটেন্ট পূর্বানুমতি ছাড়া ব্যবহার, পুনঃপ্রকাশ বা বিতরণ আইনত দণ্ডনীয়।

Exit mobile version