বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাড়ির আঙিনায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী ও স্কুলপড়ুয়া এক কিশোরসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত পিতা ও পুত্রকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চতুরঙ্গ রায়ের পাড়া মহল্লার মৃত মকসুদ মিয়ার ছেলে তাজউদ্দীন মিয়ার পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী বন্দেরহাঁটি গ্রামের মৃত গরীব উল্লাহ মিয়ার ছেলে মহিবুর মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির আঙিনায় ধান শুকানো নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত তাজউদ্দীন মিয়া (৪৫) ও তার স্কুলপড়ুয়া ছেলে মুবিন মিয়া (১৫)-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া তাজউদ্দীন মিয়ার স্ত্রীসহ বাকি আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পুনরায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
