নিজস্ব প্রতিবেদক, ইনফো বাংলা | ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেলা পৌনে বারোটার দিকে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী কোনো প্রটোকল বা যানবাহনের তোয়াক্কা না করে সিনেট ভবন থেকে পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদের দিকে রওনা হন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে হেঁটে তিনি মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এসে পৌঁছান। সরকার প্রধানকে এভাবে ক্যাম্পাসের রাস্তায় হাঁটতে দেখে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়।
পরবর্তীতে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। এ সময় মিলনায়তন ও এর আশপাশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। প্রধানমন্ত্রীর এই ঝটিকা পদযাত্রা এবং সরাসরি সংলাপকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সঙ্গে সেতুবন্ধন তৈরির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
