নিজস্ব প্রতিবেদক | ঢাকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

​রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

​গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে হাইকোর্ট তাকে ৫টি মামলায় জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করেছিলেন। এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করেন।

​এই পাঁচ মামলার মধ্যে চারটি হলো ফতুল্লা থানায় দায়ের করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় আরেকটি মামলা করা হয়েছিল।

​রাষ্ট্রপক্ষ এসব জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। আজ আপিল বিভাগে সেই শুনানি শেষে হাইকোর্টের জামিন বহাল রাখার সিদ্ধান্ত আসে। উল্লেখ্য, এর মাঝে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও সেগুলোতেও তিনি ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সব মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তি নিশ্চিত হয়েছে।

Leave A Reply

Exit mobile version