নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

​আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

​এর আগে, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম সরদার (১৭) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১২ সেপ্টেম্বর নিহতের বাবা সোহাগ সরদার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন, যেখানে আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত ছিল।

​একই দিন সিএমএম আদালত তাকে ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মিরপুর থানার পাশাপাশি রমনা থানার আরেকটি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে উচ্চ আদালত আজ উভয় মামলায় তার জামিন মঞ্জুর করলেন।

Leave A Reply

Exit mobile version