নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটার রুবেল হোসেন বরাবরই মাঠের বাইরে সামাজিক নানা ইস্যুতে সোচ্চার। সম্প্রতি দেশে হামের (Measles) প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও কড়া প্রতিবাদী বার্তা দিয়েছেন এই তারকা পেসার। তার লেখায় উঠে এসেছে সমাজের দ্বিমুখী আচরণ এবং স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার এক করুণ চিত্র।
রুবেল হোসেন তার বক্তব্যে সমাজের এক অদ্ভুত বৈপরীত্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, একটি প্রাণীর কষ্ট দেখে আমরা বিচলিত হই, অথচ চোখের সামনে ডজন ডজন শিশু মারা যাচ্ছে—তাতে সমাজের বিবেক যেন পাথর হয়ে গেছে। তিনি এই সম্মিলিত নীরবতাকে একটি “জাতীয় ব্যর্থতা” হিসেবে অভিহিত করেছেন।
হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে শিশুদের এই অকাল মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মেনে নিতে পারছেন না রুবেল। তার মতে, একটি শিশুর মৃত্যু মানে শুধু একটি পরিবারের বুক খালি হওয়া নয়, বরং এটি পুরো জাতির পরাজয়। টিকা কার্যক্রমের শিথিলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ”জনগণ জানতে চায়, কেন টিকা কার্যক্রমে এমন অবহেলা হলো? কারা এর জন্য দায়ী? এই সংকটময় মুহূর্তেও কেন দায়িত্বশীলদের মধ্যে কোনো উদ্বেগ বা কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না?”
শেষ অংশে রুবেল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান। তিনি বলেন, এই মৃত্যুগুলোকে ভাগ্যের লিখন বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে গাফিলতির কারণ খুঁজে বের করতে হবে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
শিশুদের সুরক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ মনোযোগ আকর্ষণ করেই নিজের বক্তব্য শেষ করেছেন এই জনপ্রিয় ক্রিকেটার।

