নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে (মাসনা) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্ট’-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে আনেন। আজ বুধবার (৬ মে) দুপুরে দেওয়া ওই পোস্টে তিনি মাদানীর সাথে নিজের নতুন আত্মীয়তার সম্পর্কের বিষয়টিও ব্যাখ্যা করেছেন।

​মুফতি মামুনুর রশিদ কাসেমী তার পোস্টে লেখেন, “অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি… হাফেজ ইমাম উদ্দিন সাহেব তিনি আমার বড় চাচার জামাই, তাই তিনি আমার দুলাভাই। তার ২য় স্ত্রীর মেয়ের সাথে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার ২য় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই।”

​রফিকুল ইসলাম মাদানীর সাথে সম্পর্কের বিষয়ে তিনি আরও যোগ করেন, “এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের ৪র্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে, তাই না?”

​এই পোস্টটি শেয়ার হওয়ার পরপরই নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ নতুন দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেও, অনেকেই সম্পর্কের এই জটিল সমীকরণ নিয়ে মন্তব্য করছেন।

​উল্লেখ্য, পোস্টদাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী নিজেও বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। তথ্য মতে, তিনি এ পর্যন্ত ৯টি বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সাথে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে ঢাকা কেরানীগঞ্জ থেকে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী রয়েছেন, তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

​মাওলানা রফিকুল ইসলাম মাদানীর পক্ষ থেকে এই বিয়ের বিষয়ে এখন পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

Exit mobile version