নিজস্ব প্রতিবেদক | ফেনী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার অন্যতম আসামি গাজী এনামুল হক ওরফে সুজনকে দলীয় পদ দেওয়ার ঘটনায় উত্তাল ফেনী।

এ নিয়ে সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফেনী পৌর যুবদলের কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে পৌর যুবদলের ঘোষিত ১২টি ওয়ার্ড কমিটিও।

​রোববার (৩ মে) দুপুরে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গাজী এনামুল হককে ফেনী পৌরসভার একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ঘটনা জানাজানি হলে দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী পৌর যুবদলের কমিটি এবং এর আওতাধীন ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।​

পাশাপাশি বিতর্কিত ব্যক্তিকে পদ দেওয়ার বিষয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে ফেনী পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।​এদিকে, অভিযুক্ত গাজী এনামুল হকের যুবদলের প্রাথমিক সদস্যপদ স্থগিত করার পাশাপাশি তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।​

উল্লেখ্য, ফেনীতে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি এই গাজী এনামুল হক। তাকে গুরুত্বপূর্ণ দলীয় পদে আসীন করায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

Leave A Reply

Exit mobile version