নিজস্ব প্রতিবেদক, ভালুকা: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে খাজনা আদায়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বর্তমান বিএনপি সরকারের আমলে ২০ টাকার নির্ধারিত খাজনা ২০০ টাকা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

​জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেখানে ২০ টাকা খাজনা দিতে হতো, সেখানে বর্তমানে দশগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের। অস্বাভাবিক এই খাজনা বৃদ্ধিতে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারা বলছেন, বর্তমান প্রশাসনের ছত্রছায়ায় একদল লোক ইচ্ছেমতো চাঁদাবাজি চালাচ্ছে।

​জনসাধারণের ক্ষোভ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের দোকানের সামনে পোস্টার লিখে ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। এমনই এক ভুক্তভোগীর হাতে থাকা পোস্টারে লেখা দেখা গেছে, “হায়রে বাংলাদেশ…? ২০ টাকার খাজনা ২০০ টাকা, সিডস্টোর বাজার।”

​ব্যবসায়ীদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে যথাযথ মনিটরিং না থাকায় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি গোষ্ঠী সাধারণ মানুষের পকেট কাটছে। আওয়ামী লীগের সময়কার তুলনায় বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের দাবি, দ্রুত এই অযৌক্তিক খাজনা কমিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হোক।

Leave A Reply

Exit mobile version