জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে ধারণার চেয়ে দ্বিগুণ শিক্ষার্থী উপস্থিত হওয়ায় চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে। প্রায় ৭ হাজার শিক্ষার্থীর উপস্থিতির কারণে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী খাবার না পেয়ে ফিরে গেছেন।

​বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থেকেও খাবার না পেয়ে শিক্ষার্থীরা আশপাশের দোকান থেকে খাবার কিনে রোজা ভাঙেন। ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আদনান সারওয়ার বলেন, “এক ঘণ্টা দাঁড়িয়েও খাবার পাইনি, শুধু পানি খেয়ে রোজা ভেঙেছি। তাদের উচিত ছিল রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা।” ৫১তম আবর্তনের শিক্ষার্থী সায়মা জানান, মেয়েদের দীর্ঘ লাইন শহীদ মিনার পর্যন্ত পৌঁছালেও মাত্র অল্প কিছু শিক্ষার্থী খাবার পেয়েছেন, বাকিদের খালি হাতে হলে ফিরতে হয়েছে।

​এ বিষয়ে জাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম জানান, সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর আয়োজন থাকলেও ৭ হাজারের মতো মানুষ চলে আসায় তারা হিমশিম খেয়েছেন। ইফতারের সময় হয়ে যাওয়ায় সবাই মিলে খাবার ভাগাভাগি করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন বলে তিনি উল্লেখ করেন।

Leave A Reply

Exit mobile version