নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ |
মার্চ ০৩, ২০২৬
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দেয়ায় তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এনসিপি) আব্দুল্লাহ আল আমিন। বিক্ষুব্ধ শ্রমিক ও ব্যবসায়ীদের হাতে দীর্ঘ দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
মঙ্গলবার বিকেলে বিসিক শিল্পাঞ্চল এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে যোগ দেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠান চলাকালে তিনি বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে সম্বোধন করেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও স্থানীয় পোশাক শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
সংসদ সদস্যের মন্তব্যের প্রতিবাদে বিসিকের ১ নম্বর গেট এলাকায় কয়েকশ শ্রমিক ও ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আব্দুল্লাহ আল আমিন ওই এলাকার একটি পোশাক কারখানার ভেতরে আশ্রয় নেন। উত্তেজিত জনতা কারখানাটি ঘেরাও করে তাকে সেখানে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর রাত ৮টা ৫ মিনিটের দিকে পুলিশি পাহারায় তাকে কারখানা থেকে বের করে আনা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সংসদ সদস্যকে উদ্ধার করে রাত ৮টার পর চাষাঢ়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
