নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করে পুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে তাদের সহযোগীরা রামদা, হাসুয়া ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালান। এ সময় হামলাকারীরা ফাঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ৪০ থেকে ৫০ জনের একটি দলকে অস্ত্রহাতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে হামলা চালাতে দেখা যায়। এ ঘটনায় টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক গুরুতর আহত হন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, হামলাকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

