অনলাইন ডেস্ক:
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে বিএনপি নেতাদের মব সহিংসতা, নির্যাতন ও চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, ৫০ হাজার টাকা মুক্তিপণ ও মোবাইল কেড়ে নেওয়ার বিনিময়ে ছেড়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও আনা হয়েছে।
উল্লেখ্য ছাত্রলীগ নেতা রোটন ভারতে বসে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তারপর গতকাল তার লাশ ঢাকা আনা হলে সেখানেও জানাজায় বাধা দেওয়া হয়। এরপর আজ চট্টগ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও জানাজা শেষে আগত মুসল্লীদের উপর হামলা ও মব করা হয়।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, তারা যখন রোটনের বাড়ির দিকে জানাজার উদ্দেশে যাচ্ছিলেন, তখন হঠাৎ করেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ঘিরে ফেলে। একপর্যায়ে মব সৃষ্টি করে একজনকে জোরপূর্বক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। একই সময়ে মেহেরাজ সিদ্দিকী পাভেল ও ইরফান চৌধুরী নামের দুই তরুণকে বিএনপি নেতারা আটকে রেখে নির্যাতন চালায়।
অভিযোগে জানা যায়, আটকে রাখা তরুণদের কাছ থেকে টাকা দাবি করা হয় এবং যতক্ষণ পর্যন্ত টাকা না আনা হয়েছে, ততক্ষণ তাদের ওপর নির্যাতন অব্যাহত রাখা হয়। পরবর্তীতে ৫০ হাজার টাকা নগদ এবং মেহেরাজ সিদ্দিকী পাভেলের ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এই ন্যক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, জানাজা পড়ার মতো একটি ধর্মীয় ও সামাজিক কাজে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হবেন তা তারা ভাবেননি। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশের চিত্র নিয়ে তীব্র অসন্তোষ ও হতাশা ব্যক্ত করেন তারা।

