নিজস্ব প্রতিবেদক | ২১ ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজ দলের নেতাকর্মীদের হাতে হট্টগোল ও ধাক্কাধাক্কির শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা করেছে। আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়।” তিনি ক্ষোভের সাথে জানান যে, দেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ক্ষমতায় আসায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আচরণ নিয়ে দলকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, “বিএনপিকে বলব, ১৭ বছর পর তারা ক্ষমতায় এসেছে। লোকাল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে।” তিনি আরও যোগ করেন যে, নতুন সরকার হিসেবে বিএনপির উচিত এসব উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া।
ব্যারিস্টার রুমিন ফারহানা আশা প্রকাশ করেন, দল ও সরকার উভয়েই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।

