এক রাতে নেত্রকোণায় ৫টি ভোটকেন্দ্রে আগুন

Infobangla ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনার সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোটকেন্দ্রের বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব ভোটকেন্দ্রের বুথে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এসব কেন্দ্রে আগুন দেওয়া হয়। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে যায়। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ, ডিবি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রতিটি ভোটকেন্দ্রের বুথে পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *