নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদপ্রার্থী শেখ আব্দুল্লাহ আল মামুন (এ্যালবার্ড)-কে না পেয়ে তাঁর অসুস্থ পিতা ও শৈলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে গ্রেফতারের অভিযোগ উঠেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে। আজ বিকেলে এ্যালবার্ডের বাসভবনে এ অভিযান চালানো হয়।
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন ছাত্রলীগ নেতা এ্যালবার্ড। এর আগে গত বছরের ৩০ আগস্ট তাঁর বাবা সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে প্রথম গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালত থেকে জামিন লাভ করলেও বারবার জেলগেটে নতুন মামলায় আটক দেখানোর পর দীর্ঘ ৬ মাস কারাভোগ শেষে চলতি বছরের ৩ মার্চ তিনি মুক্তি পান।
মুক্তির কিছুদিনের মাথায় আজ বিকেলে পুনরায় এ্যালবার্ডকে গ্রেফতারের উদ্দেশ্যে তাঁর বাসভবনে অভিযান চালায় ডিবি পুলিশ। তবে তাঁকে না পেয়ে তাঁর অসুস্থ বাবাকে আবারও আটক করে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এই ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দমন-পীড়ন ও হয়রানিমূলক মামলা চালিয়ে রাজপথের নেতাকর্মীদের স্তব্ধ করা যাবে না এবং খুব শীঘ্রই এসব অন্যায় পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে।
