নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেওয়া এবং সেখানে ব্রিটিশ এমপিদের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির ভূমিকার তীব্র সমালোচনা করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তিনি একে দলটির “দ্বিমুখী নীতি” ও “ভণ্ডামি” বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি এ বিষয়ে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেওয়া একটি মন্তব্যে আরাফাত অতীতে ভারতের মাটিতে শেখ হাসিনার একটি কর্মসূচির সাথে বর্তমানের লন্ডনের ঘটনার তুলনা টানেন।
তিনি উল্লেখ করেন, অতীতে শেখ হাসিনা ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান—’Foreign Correspondents’ Club’-এর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছিলেন, যেখানে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তা সত্ত্বেও বিএনপি ভারতের কাছে সেই অনুষ্ঠান সম্পর্কে কৈফিয়ত চেয়েছিল এবং বিবৃতি দিয়েছিল।
তুলনামূলক চিত্রে বর্তমান লন্ডনের ঘটনার কথা উল্লেখ করে সাবেক এই মন্ত্রী প্রশ্ন রাখেন, যুক্তরাজ্যের পার্লামেন্টের একজন সদস্য, যিনি ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী ‘1922 Committee’-এর চেয়ারম্যান ছিলেন, এমন একজন ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেওয়ার পরও বিএনপি সরকার বা দলটির পক্ষ থেকে কেন ব্রিটিশ সরকারকে চিঠি লিখে প্রতিবাদ করা হচ্ছে না? তিনি কটাক্ষ করে বলেন, “যত গ্যালারি শো শুধু ভারতের বেলায়, তাই না?”
মোহাম্মদ আলী আরাফাত আরও স্পষ্ট করে জানান যে, শেখ হাসিনার রাজনৈতিক ও আন্তর্জাতিক তৎপরতা কেবল দিল্লি বা লন্ডনেই সীমাবদ্ধ থাকবে না। আগামীতে তিনি জেনেভা, ব্রাসেলস, ওয়াশিংটন ডিসি এবং পৃথিবীর বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সেমিনারে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “দেখি, এর কতজনকে চিঠি দেয়? যতসব ধান্দাবাজ, ভণ্ডের দল!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক এই মন্ত্রীর এই কড়া বক্তব্য দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
