নিজস্ব প্রতিবেদক | Info Bangla
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে ওই শিক্ষক সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন এবং তার বাংলা উচ্চারণ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বিষয়টি বাড়িতে অভিভাবকদের জানালে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
এরই জের ধরে বুধবার সকালে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরবর্তীতে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতেই তিনি বিষয়টি জানতে পেরেছিলেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কটূক্তির অভিযোগ অস্বীকার করেন। তবে প্রধানমন্ত্রীর দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে বাংলা উচ্চারণে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়ে থাকতে পারে—এমন বক্তব্য দিয়েছেন বলে স্বীকার করেন ওই শিক্ষক।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে শিক্ষক লালনকে আটক করা হয়েছে। বর্তমানে বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
